বাংলাদেশের বংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশ বাহিনীর ভূমিকা এবং জন-আস্থার প্রশ্ন-এই তিনটি বিষয় আজ গভীরভাবে পরস্পরের সঙ্গে যুক্ত। সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে একটি বিষয় স্পষ্টভাবে সামনে এসেছে— মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের নিরাপত্তা, মনোবল ও পেশাগত সক্ষমতা নিশ্চিত না হলে রাষ্ট্রের আইনশৃঙ্খলা ব্যবস্থাও দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে ৫ আগস্টের পূর্ববর্তী সময়ে ঘটে যাওয়া ঘটনাবলির আলোকে দেখা যায়, পুলিশের নেতৃত্ব, কৌশলগত প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার ঘাটতি নিয়ে সমাজে ব্যাপক আলোচনা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে বিষয়টি আবেগ নয়, বরং বাস্তব অভিজ্ঞতা, ইতিহাস এবং প্রশাসনিক যুক্তির আলোকে বিশ্লেষণ করা জরুরি।৫ আগস্টের আগে ও আশপাশের সময়ে দেশের বিভিন্ন স্থানে যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছিল, সেখানে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে একাধিক বাহিনী মাঠে ছিল। দেখা যায়, কিছু পেশাদার ও তুলনামূলকভাবে বেশি প্রশিক্ষিত বাহিনী মাঠ পর্যায়ে অত্যন্ত সতর্ক ও বাস্তবভিত্তিক কৌশল গ্রহণ করে। তারা পরিস্থিতি বিশ্লেষণ করেছে দ্রুত। সংঘর্ষ এড়াতে নমনীয় অবস্থান নিয়েছে। স্থানীয় বাস্তবতা অনুযায়ী কমান্ড সমন্বয় করেছে। অন্যদিকে পুলিশের ক্ষেত্রে বহু জায়গায় ভিন্ন চিত্র দেখা গেছে বলে জনপরিসরে আলোচনা রয়েছে। মাঠপর্যায়ে কর্মরত কনস্টেবল, সাব ইন্সপেক্টর কিংবা ইন্সপেক্টররা প্রায়ই উর্ধ্বতন নির্দেশনা অনুযায়ী দায়িত্ব পালন করেন। তারা নীতিনির্ধারক নন; তারা কার্যকরী বাহু। কিন্তু যখন কৌশলগত সমন্বয় দুর্বল হয়, যখন বাস্তব পরিস্থিতির সঙ্গে নির্দেশনার সামঞ্জস্য থাকে না, তখন ঝুঁকি বেড়ে যায় সামনের সারির সদস্যদের জন্যই।
পুলিশ যে সমাজেরই অংশ, সেটি বারবার মনে করিয়ে দেওয়া দরকার। একজন কনস্টেবলও এই দেশের নাগরিকের সন্তান। কিন্তু দীর্ঘদিন ধরে পুলিশের সঙ্গে জনগণের সম্পর্ক অনেক ক্ষেত্রে দূরত্ব হয়ে গেছে। কোথাও ভয়ের, কোথাও অবিশ্বাসের, কোথাও ক্ষোভের। এই মানসিক দূরত্ব কমানো না গেলে কেবল শক্তি বা প্রযুক্তি দিয়ে আইনশৃঙ্খলা স্থিতিশীল রাখা সম্ভব নয়। আধুনিক পুলিশিংয়ের মূল দর্শনই হলো—'policing by consent' বা জনগণের সম্মতির ভিত্তিতে আইন প্রয়োগ।
ইতিহাসে ফিরে তাকালে দেখা যায়, স্বাধীনতার পরবর্তী অস্থির সময়ে রাষ্ট্রের নিরাপত্তাকাঠামো পুনর্গঠনের প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হয়েছিল। সেই প্রেক্ষাপটে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান আইনশৃঙ্খলা বাহিনীকে পেশাদারীকরণে কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেন। তার সময়ে মূল লক্ষ্য ছিল—রাষ্ট্রের ভেতরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী, চরমপন্থি তৎপরতা এবং সীমান্তবর্তী নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলা করা। এই প্রেক্ষাপটে পুলিশের বিশেষায়িত সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়। বিশেষায়িত ইউনিট গঠন, গোয়েন্দা সক্ষমতা উন্নয়ন, দ্রুত মোতায়েনযোগ্য ফোর্স তৈরি—এসব ধারণা তখন গুরুত্ব পেতে শুরু করে। তৎকালীন সময়ে অভ্যন্তরীণ সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণে আনতে যে কৌশল নেওয়া হয়েছিল, তা ছিল বহুস্তরীয়। শুধু অভিযান নয়—তথ্য সংগ্রহ, স্থানীয় প্রশাসনের সমন্বয়, এবং প্রয়োজনে রাজনৈতিক পুনর্বাসন—এসব উপাদানও ব্যবহৃত হয়।
বর্তমান বাস্তবতায় ফিরে এলে দেখা যায়, পুলিশের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন শুধু আইন প্রয়োগ নয়—জনগণের আস্থা পুনর্গঠন। সামাজিক গ্রহণযোগ্যতা কমে গেলে পুলিশ কার্যত একা হয়ে পড়ে। তথ্য পায় না। সহযোগিতা পায় না। মাঠে বিচ্ছিন্ন হয়ে যায়। ফলে ছোট সংকটও বড় হয়ে ওঠে। তাই পুনর্গঠনের আলোচনায় প্রথমেই আসতে হবে জনমুখী পুলিশিং।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।