মাগুরা প্রতিনিধি :
মাগুরার এক যুবকের বস্তাবন্দি গলাকাটা মরদেহ ফরিদপুরের বোয়ালমারী থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ এপ্রিল) রাত প্রায় ৮টার দিকে উপজেলার হাটখোলা গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়েছে।
নিহত রবিউল ইসলাম (৩৫) মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইন গ্রামের বাসিন্দা এবং গোলাম সারোয়ারের ছেলে। তিনি পেশায় পাওয়ার ট্রিলার চালক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার দিকে একটি সাদা রঙের মাইক্রোবাস বোয়ালমারীর হাটখোলা গ্রামের বটতলা এলাকার একটি নির্জন স্থানে এসে থামে। পরে গাড়ি থেকে একটি বস্তা রাস্তার পাশে ফেলে রেখে দ্রুত সরে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি স্থানীয়দের সন্দেহ হলে তারা এগিয়ে যান।
এ সময় মাইক্রোবাসটি পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধাওয়া দেন। একপর্যায়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গাড়িতে থাকা কয়েকজন পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা দুইজনকে আটক করতে সক্ষম হন, আর অন্যরা পালিয়ে যান।
পরে স্থানীয়রা বস্তার মুখ খুলে ভেতরে এক যুবকের মরদেহ দেখতে পান। মরদেহে গলা কাটা এবং শরীরের বিভিন্নস্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আটক দুইজনকে হেফাজতে নেয়। উদ্ধারকৃত মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন বোয়ালমারী উপজেলার আন্দারকোঠা গ্রামের শাহাজাদা এবং একই উপজেলার পংকজ সাহার ছেলে তপু শাহা।
নিহতের মামা মুশা মোল্যা বলেন, মঙ্গলবার দুপুরে রবিউল ইসলাম একই গ্রামের হাফেজ মোল্যার ছেলে শাহিদুল ইসলামের সঙ্গে বোয়ালমারীর হাটখোলা গ্রামে তার জামাইবাড়িতে যান। সেখানে একটি পাওনা মোটরসাইকেল নিয়ে শাহিদুলের জামাইয়ের সঙ্গে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে শাহিদুল রবিউলকে রেখে চলে যান। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ ঘটনায় শাহিদুল ইসলাম ও তার জামাই শহিদুল হক পলাতক রয়েছেন বলে জানা গেছে।
বোয়ালমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।