শ্রীমঙ্গল প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসের পলাতক ডাটা এন্ট্রি অপারেটর সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ৫৫ বিজিবি ব্যাটালিয়নের একটি টহলদল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্র জানায়, গত ২০ সেপ্টেম্বর (রবিবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হবিগঞ্জ ৫৫ বিজিবি- ব্যাটালিয়নের অধীনে গুটিবাড়ী বিওপির একটি বিশেষ দল শ্রীমঙ্গল উপজেলার মোংলামবস্তি চা বাগান এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ১৯৩৯/এম-এর নিকটবর্তী শূন্যরেখা অতিক্রম করে ভারতে পালানোর চেষ্টা করার সময় সুশান্ত চন্দ্র বিশ্বাসকে আটক করা হয়।
আটককৃত সুশান্ত কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার সাচাইল গ্রামের বাসিন্দা।
বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সুশান্ত চন্দ্র বিশ্বাস ২০১৬ সাল থেকে নির্বাচন কমিশনে কর্মরত আছেন এবং বর্তমানে জামালগঞ্জ উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, তিনি প্রায় এক মাস ধরে কোনো ধরনের অনুমোদন বা ছুটি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। অফিস কর্তৃপক্ষ তার বিষয়টি নিয়ে খোঁজখবর নিচ্ছিল।
আটক সুশান্ত আরও জানায়, গত বৃহস্পতিবার তিনি শ্রীমঙ্গলে এসে একটি হোটেলে ওঠেন। পরবর্তীতে এক দালালের সহায়তায় শ্রীমঙ্গলের গুটিবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের পরিকল্পনা করেছিলেন।
সোমবার বিজিবি শ্রীমঙ্গল সেক্টরের অধীনে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, আটকের সময় তল্লাশি চালিয়ে জব্দ করা ২টি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, তার নামে ২টি জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ৬টি বিভিন্ন ধরনের পরিচয়পত্র, ব্যবহৃত দাপ্তরিক সিল, নগদ ১২,১৮৫ টাকা এবং ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পরিচয়পত্র, ডিজিটাল তথ্য ও অন্যান্য নথিপত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই-বাছাই করা হচ্ছে।
অবৈধভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রমের চেষ্টার অভিযোগে আটক সুশান্ত চন্দ্র বিশ্বাসের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।