স্টাফ রিপোর্টার:
রাজধানী উত্তরায় জুলাই আন্দোলন কেন্দ্রিক সাদিকুল ইসলামকে হত্যার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৩ নভেম্বর) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সেফাতুল্লাহ এ আদেশ দেন।
এদিন তার পক্ষে অ্যাডভোকেট সাথী শাহা জামিন চেয়ে শুনানি করেন। রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করেছেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।
এর আগে গত ১৯ নভেম্বর তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ওইদিন মামলার তদন্তকারী কর্মকর্তা ও উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক মো. মাহমুদুল হাসান মোড়ল তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। তবে তদন্তের স্বার্থে প্রয়োজনে পরবর্তীতে তাকে পুলিশ রিমান্ডের আবেদন করা হতে পারে উল্লেখ করা হয়।
গত ১৮ নভেম্বর দিবাগত রাত ২টার দিকে উত্তরা পশ্চিম থানাধীন একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
মামলার এজহারে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই উত্তরা পশ্চিম থানাধীন এলাকায় অংশ নেন মাদ্রাসা ছাত্র মাওলানা সাদিকুল ইসলাম। ওইদিন বিকাল ৩টার দিকে যুবলীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্রসহ ছাত্র জনতার ওপর হামলা করে। একপর্যায়ে অজ্ঞাতপরিচয় ২০০-৩০০ জন আসামি যোগসাজশে তাদের হাতে থাকা আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসস্ত্রসহ ধাওয়া করে এলোপাতাড়ি মারপিটসহ উপর্যুপরি গুলিবর্ষণ করতে থাকে। এতে ভুক্তভোগী সাদিকুল ইসলামের পেটে গুলিবিদ্ধ হয়ে মারাত্মক রক্তাক্ত জখম হয়। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় পরদিন ২০ জুলাই মৃত্যুবরণ করেন।
এ ঘটনায় ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর মো. আশরাফ সিদ্দিকী বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যা মামলা করেন।
সম্পাদক ও প্রকাশক: আব্দুল খালিক
আইন-উপদেষ্টা: ব্যারিস্টার ফয়সাল দস্তগীর, বাংলাদেশ সুপ্রীম কোর্ট
উপ-সম্পাদকঃ ফুজেল আহমদ
সহ সম্পাদকঃ মোঃ সুমন আহমদ
সার্বিক ব্যবস্থাপকঃ মোঃ আলী হোসেন
স্টাফ রিপোর্টারঃ মোঃ আবুল হাসান আহমদ,
প্রকাশক কর্তৃক উত্তরা অফসেট প্রিন্টার্স কলেজ রোড, বিয়ানীবাজার
সিলেট থেকে মুদ্রিত ও শরীফা বিবি হাউজ, মেওয়া থেকে প্রকাশিত।
বানিজ্যিক কার্যালয় :
উত্তর বাজার, মেইন রোড, বিয়ানীবাজার, সিলেট।
ই-মেইল: beanibazareralo@gmail.com
মোবাইল: ০১৮১৯-৫৬৪৮৮১, ০১৭৩৮১১৬৫১২।