Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানবন্দরে নেমে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান, হাতে নিলেন এক মুঠো মাটি

admin

প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০২:৪৭ অপরাহ্ণ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২৫ | ০২:৪৭ অপরাহ্ণ

ফলো করুন-
বিমানবন্দরে নেমে দেশের মাটি স্পর্শ করলেন তারেক রহমান, হাতে নিলেন এক মুঠো মাটি

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
দীর্ঘ প্রায় দেড় যুগ পর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বিমানবন্দরে পরিবারসহ তারেক রহমানকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। দেশে ফিরে খালি পায়ে বাংলাদেশের মাটি স্পর্শ করলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে এসে লাগোয়া বাগানে কিছুক্ষণ দাঁড়িয়ে তিনি একমুঠো মাটি হাতে তুলে নেন।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৩৫ মিনিটে ভিআইপি গেট দিয়ে বের হয়ে পূর্বনির্ধারিত বাসে ওঠার আগে তিনি বিমানবন্দরসংলগ্ন বাগানে যান। সেখানে শিশিরভেজা ঘাসে খালি পায়ে কিছুক্ষণ দাঁড়িয়ে দেশের মাটি স্পর্শ করেন তারেক রহমান। পরে লাল-সবুজ রঙের বাসের সামনে দাঁড়িয়ে তিনি উপস্থিত নেতা–কর্মীদের উদ্দেশে হাত নাড়েন ও সালাম জানান।

Manual7 Ad Code

এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে ‘সবার আগে বাংলাদেশ’ লেখা বাসে করে রাজধানীর পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) এলাকায় বিএনপির আয়োজিত গণসংবর্ধনাস্থলের উদ্দেশে রওনা হন তিনি।

বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের স্থায়ী কমিটির সদস্যরা তাকে স্বাগত জানান।

Manual8 Ad Code

ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তারেক রহমানের স্ত্রী ও কন্যা বিমানবন্দর থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে দেখতে রওনা হন।

এর আগে সকাল ৯টা ৫৮ মিনিটে তারেক রহমানকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে বেলা ১১টা ১০ মিনিটে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে পূর্বাচলের ৩৬ জুলাই এক্সপ্রেসওয়ে এলাকায় গণসংবর্ধনার আয়োজন করেছে বিএনপি। কুড়িল মোড়সংলগ্ন সড়কের উত্তর পাশে দক্ষিণমুখী করে বাঁশ ও কাঠ দিয়ে ৪৮ ফুট দৈর্ঘ্য ও ৩৬ ফুট প্রস্থের একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে।

উল্লেখ্য, ২০০৭ সালের জানুয়ারিতে সেনা–সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আসার পর দুর্নীতির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ১৮ মাস কারাবন্দি ছিলেন তারেক রহমান। মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য সপরিবারে যুক্তরাজ্যে যান তিনি। একই বছরের ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর একের পর এক মামলার কারণে দেশে ফেরা সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ ১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় মাতৃভূমিতে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

Manual1 Ad Code

শেয়ার করুন