Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

admin

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০৮ অপরাহ্ণ | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:০৮ অপরাহ্ণ

ফলো করুন-
টাঙ্গুয়ার হাওরে হৃদরোগে আক্রান্ত হয়ে পর্যটকের মৃত্যু

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে আশিষ কুমার রায় (৫১) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ট্যাকেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আশিষ কুমার রায় মাগুরা সদর উপজেলার ছোট দোয়ারপাড়া শাহাপাড়া এলাকার প্রফুল্ল রায়ের ছেলে। তিনি পেশায় একজন আর্টিস্ট ছিলেন।

Manual6 Ad Code

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে ছয়জন পর্যটক ‘হৈমন্তী’ নামে একটি হাউসবোটে করে টাঙ্গুয়ার হাওরে ঘুরতে যান। দিনভর হাওরে ঘোরাঘুরি ও গোসল শেষে বিকেলে তারা ট্যাকেরঘাট নৌকা ঘাটে যান। পরে সবাই শহীদ সিরাজ লেক এলাকায় ঘুরতে বের হন।

মাগরিবের নামাজের আগে শহীদ সিরাজ লেক এলাকা থেকে ট্যাকেরঘাটের দিকে যাওয়ার সময় আশিষ কুমার হঠাৎ অসুস্থ হয়ে মাটিতে পড়ে যান। এ সময় স্থানীয় কয়েকজন তার মোবাইল ফোন নিয়ে তার সঙ্গে থাকা ব্যক্তিদের জানান। পরে স্থানীয়রা তাকে এক পল্লিচিকিৎসকের কাছে নিয়ে গেলে দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। স্পিডবোটে করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

Manual4 Ad Code

‘হৈমন্তী’ হাউসবোটের ম্যানেজার রাশেদুল ইসলাম বলেন, ‘সকালে ছয়জন পর্যটক তাহিরপুর উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর বাজার নৌকা ঘাট থেকে হাউসবোটে ওঠেন। সারাদিন টাঙ্গুয়ার হাওর ঘুরে বিকেলে ট্যাকেরঘাটে যান। পরে শহীদ সিরাজ লেক এলাকা ঘুরে ট্যাকেরঘাটে ফেরার সময় আশিষ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে সুস্থ করার চেষ্টা করেন। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।’

Manual6 Ad Code

নিহতের সঙ্গে আসা বন্ধু রাজ শেখর বণিক বলেন, ‘বিকেলে আমরা সবাই শহীদ সিরাজ লেক এলাকার ছোট ছোট টিলায় উঠে আশপাশে ঘোরাঘুরি করি। পরে পাঁচজন বন্ধু একসঙ্গে হলেও আশিষকে দেখতে না পেয়ে তাকে কল করি কিন্তু তিনি ফোন ধরেননি। পরে তার ফোন থেকেই আমাদের কাছে কল আসে। তখন জানতে পারি, তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহযোগিতায় চিকিৎসকের কাছে নিয়ে যাই। চিকিৎসক দ্রুত হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। পরে রাতে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডা. নওশাদ আহমেদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘হাসপাতালে নিয়ে আসার আগেই ওই পর্যটকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।’

Manual3 Ad Code

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন