Beanibazarer Alo

  সিলেট     বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ানীবাজারে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মচারীদের ঝুঁকিপূর্ণ বসবাস

admin

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬ | ০৪:৩৮ অপরাহ্ণ | আপডেট: ২৬ নভেম্বর ২০২৬ | ০৪:৩৮ অপরাহ্ণ

ফলো করুন-
বিয়ানীবাজারে জরাজীর্ণ ভবনে সরকারি কর্মচারীদের ঝুঁকিপূর্ণ বসবাস

Manual3 Ad Code

স্টাফ রিপোর্টার:
স্যাঁতসেঁতে পরিবেশ, কংক্রিট আর পলেস্তারা খসে পড়ছে। বৃষ্টি হলে ছাদ চুঁইয়ে পড়ে পানি। ছাদের সিলিংয়ে সেই পানি শুকিয়ে যাওয়ার কালো ছোপ ছোপ দাগ। দীর্ঘদিন ধরে সংস্কার না করায় ভবনগুলো মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। তবে, জরাজীর্ণ হলেও নিয়মানুযায়ী ভবনগুলো পরিত্যক্ত ঘোষণা করা হয়নি। ফলে সেই জরাজীর্ণ ভবনে দুর্ঘটনার আশঙ্কার মধ্যেই লোকজন বাস করছেন। এ চিত্র বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের সরকারি আবাসিক ভবনগুলোর।

Manual6 Ad Code

বিয়ানীবাজার উপজেলায় সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য আবাসিক ভবন থাকলেও সেগুলো বেশ ঝুঁকিপূর্ণ। তাই বেশ কয়েকজন কর্মকর্তা অন্যত্র ভাড়া বাসায় থাকেন। তবে, বাকিরা ঝুঁকিপূর্ণ জেনেও বাধ্য হয়ে বসবাস করছেন এসব ভবনে। গাছপালা ঝোপঝাড়ে একাকার হয়ে ভুতুড়ে পরিবেশ বিরাজ করছে সেখানে।

সরেজমিনে দেখা যায়, ভবনগুলোর বাইরে ও ভেতরের দেয়ালের অনেক স্থানে বড় ফাটল। দরজা-জানালা ভেঙে গেছে। ছাদের পলেস্তারা খসে লোহার রড বেরিয়ে গেছে। ছাদ ঠেকা দিতে কক্ষের ভেতর বাঁশের খুঁটি ব্যবহার করা হয়েছে। আবার কোনো কোনো ভবনের পলেস্তারা ও বৃষ্টির পানি ঠেকাতে পলিথিন ব্যবহার করা হয়েছে।

একাধিক কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বৃষ্টি এলে তাদের ব্যবহৃত পোশাক ও বিছানাপত্র পলিথিন দিয়ে ঢেকে দিতে হয়। ঝড় হলে ভবন ভেঙে পড়ার আশঙ্কায় অনেকেই বাইরে আশ্রয় নেন। কক্ষের ভেতর থাকলে সব সময় আতঙ্ক কাজ করে তাদের মনে।

তারা আরও বলেন, ভবনগুলোর এমন বেহাল দশা যে, লোকজন ভেতরে ঢুকতেই ভয় পান। বসবাসের উপযুক্ত পরিবেশ না থাকায় অনেকেই এখানে থাকতে চান না, বদলি হয়ে অন্যত্র চলে যান। কখনও কখনও ছাদের পলেস্তারা ভেঙে পড়ে। সবচেয়ে বেশি নাজুক অবস্থা কর্মচারী ডরমিটরি ভবনের।

Manual3 Ad Code

জরাজীর্ণ এমন ভবনে ঝুঁকি নিয়েই বসবাস করছেন বিয়ানীবাজার উপজেলা সহকারি কমিশনার (ভূমি)। তিনি যে ভবনে থাকেন সেটির জীর্ণদশা অনেক আগে থেকেই। উপজেলা নির্বাহী অফিসারের বাংলো কোনমতে ব্যবহার উপযোগী করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা প্রশাসনের একটি ভবনে বসবাস করেন প্রকল্প অফিসের এক কর্মচারী। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, পলিথিন টাঙিয়ে কোনোভাবে বসবাস করছি। অন্য কোথাও থাকার ব্যবস্থা না থাকায় ঝুঁকিপূর্ণ জেনেও এখানে বসবাস করতে হচ্ছে। জনগণের সেবায় যথাসময়ে অফিসে পৌঁছতে পরিবার-পরিজন নিয়ে কষ্ট করে থাকছি।

Manual7 Ad Code

উপজেলা প্রকৌশলী দিপক চন্দ্র দাস বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীরা যে ভবনগুলোতে থাকেন, সেগুলোর অবস্থা খুবই খারাপ। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তিনি বলেন, উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী আবাসিক ভবন ও একটি কর্মচারী ডরমিটরি ভবন রয়েছে। যা ১৯৮৪ সালের দিকে নির্মাণ করা হয়েছিল। ভবনগুলো অনেক পুরানো, সেই সঙ্গে সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। তিনি বলেন, এসব ভবন সংস্কারে সরকারি বরাদ্দ আসে না বললেই চলে। আমরা মাঝে মধ্যে উপজেলা পরিষদের তহবিল থেকে টাকাপয়সা বরাদ্দ করে সংস্কার করাই।

Manual8 Ad Code

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা মজুমদার বলেন, ‘জরাজীর্ণ ভবনের ঝুঁকির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাছাড়া বিভিন্ন সময় কিছুটা হলেও সংস্কার করা হয়। তবে নতুন ভবন নির্মাণ না করলে আবাসন ব্যবস্থার সুরাহা হবেনা।’

 

শেয়ার করুন