Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরব সরকারি মহিলা কলেজের বাসে আগুন

admin

প্রকাশ: ১০ নভেম্বর ২০২৬ | ০৩:৪১ অপরাহ্ণ | আপডেট: ১০ নভেম্বর ২০২৬ | ০৩:৪১ অপরাহ্ণ

ফলো করুন-
ভৈরব সরকারি মহিলা কলেজের বাসে আগুন

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত বিআরটিসির একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বাসটির ভেতরের অংশ পুড়ে যায়। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের যাতায়াতের জন্য বিআরটিসির বাসটি ব্যবহার করা হতো। প্রতিদিন সকালে বাসটি শিক্ষার্থীদের নিয়ে কলেজে যাতায়াত করত। বাসটি পিরিজপুর বাজার এলাকায় সড়কের পাশে নিয়মিত পার্কিং করে রাখা হতো। সোমবার রাতেও প্রতিদিনের মতো সেখানে বাসটি রাখা ছিল। গভীর রাতে দুর্বৃত্তরা বাসটিতে আগুন দেয়।

Manual2 Ad Code

পিরিজপুর বাজারের পাহারাদার বাদল মিয়া জানান, রাত আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে মোটরসাইকেলে করে অপরিচিত তিন যুবক এসে সড়কে থামেন। পরে তিনি তাদের কাছে গেলে ওই যুবকেরা উল্টো প্রশ্ন করেন, তাদের সন্দেহ করা হচ্ছে কি না। এর কয়েক মিনিটের মধ্যেই বাসটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

তিনি জানান, বাসে আগুন দেখতে পেয়ে বাজারের পাহারাদার হিসেবে তিনি পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন। পরে তারা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। পিরিজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাউছার আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, তাদের ধারণা, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা বাসটিতে আগুন দিয়েছেন।

Manual4 Ad Code

তারা বলেন, রাজনৈতিক নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে জনগণ ও রাষ্ট্রের সম্পদ ধ্বংস করা হচ্ছে। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।

Manual7 Ad Code

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন আহমেদ বলেন, ‘সরকারি এ বাসটি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য ব্যবহৃত হতো। এলাকার মেয়েদের জন্য এটি অনেক উপকারী ছিল। বাসটির তো কোনো দোষ ছিল না। জনগণের সম্পদ নষ্ট করা কখনো রাজনীতি হতে পারে না। আমরা এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি।’

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ বলেন, ‘ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছে। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।’

 

Manual2 Ad Code

শেয়ার করুন