কানাইঘাট সংবাদদাতা:
সিলেটের কানাইঘাটে পৃথক অভিযান চালিয়ে তালিকাভুক্ত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন আইনে মোট ১৮টি মামলা রয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে উপজেলার নন্দীরাই ও মুক্তাপুর উত্তরপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, কানাইঘাট উপজেলার নন্দীরাই গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে মকবুল হোসেন (৪৯) ও মুক্তাপুর উত্তরপাড়া গ্রামের আব্দুল হান্নানের ছেলে আবুল কালাম (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের দিকনির্দেশনায় পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলার পলাতক আসামি মকবুল হোসেনকে রাত সাড়ে ১২টার দিকে নন্দীরাই এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও জুয়া আইনে কানাইঘাট থানায় মোট ১২টি মামলা রয়েছে।
অপরদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের আরেকটি মামলার এজাহারনামীয় পলাতক আসামি আবুল কালামকে রাত ২টা ২০ মিনিটের দিকে মুক্তাপুর উত্তরপাড়ায় তার নিজ বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, বিশেষ ক্ষমতা আইন ও পেনাল কোডে মোট ৬টি মামলা রয়েছে।
কানাইঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত দুই আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে।