Beanibazarer Alo

  সিলেট     সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের সুফলের পথে বাধা ১০ কিলোমিটার!

admin

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬ | ১০:৫৮ পূর্বাহ্ণ

ফলো করুন-
ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়কের সুফলের পথে বাধা ১০ কিলোমিটার!

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-সিলেট মহাসড়কের ২০৯ কিলোমিটার অংশ ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হলেও সিলেটের প্রবেশমুখে প্রায় ১০ কিলোমিটার সড়ক থেকে যেতে পারে দুই লেনের। এতে মহাসড়কের সক্ষমতা বাড়লেও সিলেট নগরীতে প্রবেশের মুখে তীব্র যানজটের আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

ইতোমধ্যে এই অংশ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে বলে জানিয়েছেন পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা। ফলে ৬ লেনের মহাসড়কের কাঙ্ক্ষিত সুফল পেতে সিলেটের প্রবেশপথের সড়ক সক্ষমতা বাড়ানোর দাবি উঠেছে।

ঢাকা-সিলেট মহাসড়কে দীর্ঘদিনের যাত্রীভোগান্তি কমাতে সড়কটি ৬ লেনে উন্নীত করার উদ্যোগ নিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়িত হলে রাজধানীর সঙ্গে সিলেটের যোগাযোগ আরও দ্রুত ও নিরাপদ হওয়ার পাশাপাশি বাড়বে যাত্রী ও পণ্য পরিবহনের সক্ষমতা। তবে মহাসড়কের ৬ লেনের সুবিধা সিলেট নগরীর প্রবেশমুখে এসে কতটা কার্যকর হবে, তা নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

Manual7 Ad Code

দক্ষিণ সুরমার লালাবাজার থেকে সিলেটের বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়ক এখনো দুই লেনের। ফলে ছয় লেনের মহাসড়ক দিয়ে আসা বাড়তি যানবাহন এই অংশে এসে পড়বে অপেক্ষাকৃত সরু সড়কে। এতে যানজটের তীব্রতা বাড়ার পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

Manual2 Ad Code

সিলেট জেলা বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি হাজী ময়নুল ইসলাম বলেন, এই সড়কে যানবাহনের চাপ বাড়ছে। ছয় লেনের মহাসড়ক চালু হলে সিলেটের প্রবেশমুখে যানবাহনের চাপ আরও বাড়তে পারে। এ অবস্থায় সড়কটির সক্ষমতা বাড়ানো জরুরি।

পরিবহনসংশ্লিষ্টদের দাবি, ইতোমধ্যে বাড়তি যানবাহনের চাপে লালাবাজার থেকে সিলেটের বাস টার্মিনাল পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার পথ পাড়ি দিতে তিন থেকে চার ঘণ্টা সময় লাগছে। তাই শুধু মহাসড়ক ছয় লেন করলেই হবে না, সিলেটের প্রবেশপথ ও নগরীর অভ্যন্তরীণ সড়ক ব্যবস্থার সক্ষমতাও বাড়াতে হবে। এ বিষয়ে যাত্রী ও চালকদের মধ্যেও রয়েছে একই ধরনের উদ্বেগ।

তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সিলেটের প্রবেশপথের সড়ক উন্নয়নের পাশাপাশি আঞ্চলিক ২৪ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার একটি প্রস্তাব ইতোমধ্যে পাঠানো হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নে ব্যয় হতে পারে প্রায় ৮০০ কোটি টাকা।

সিলেট সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খাইরুল বাশার মোহাম্মদ সাদ্দাম হোসেন জানান, আঞ্চলিক সড়ক চার লেনে উন্নীত করার প্রস্তাব পাঠানো হয়েছে। প্রস্তাবটি বাস্তবায়িত হলে সড়ক যোগাযোগের সক্ষমতা বাড়ানোর সুযোগ তৈরি হবে।

Manual5 Ad Code

সংশ্লিষ্টদের প্রত্যাশা, ৬ লেনের মহাসড়ক চালু হলে রাজধানীর সঙ্গে সিলেটের যোগাযোগব্যবস্থায় নতুন গতি আসবে। তবে মহাসড়কের সঙ্গে সিলেটের প্রবেশপথের সড়কের সক্ষমতার সমন্বয় না হলে কাঙ্ক্ষিত সুফল ব্যাহত হতে পারে। তাই যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে প্রায় ১০ কিলোমিটার সড়কের উন্নয়নসহ নগরীর প্রবেশপথের যান চলাচল ব্যবস্থাপনায় কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

Manual6 Ad Code

শেয়ার করুন