দিরাই প্রতিনিধি:
সুনামগঞ্জের দিরাই উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১১টি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সরমঙ্গল ইউনিয়নের জারুলিয়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১১টি দরিদ্র মৎস্যজীবী পরিবার নিঃস্ব হয়ে পড়েছে। অগ্নিকাণ্ডে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের বাড়িঘরে ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন।
অগ্নিকাণ্ডে কালি দাশ, সুমলাল দাশ ও দীনেশ দাশসহ ১১টি পরিবারের বসতবাড়ি সম্পূর্ণ পুড়ে গেছে। বসতঘরের পাশাপাশি আসবাবপত্র, কাপড়চোপড়, প্রয়োজনীয় জিনিসপত্র ও ঘরে থাকা মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
আকস্মিক এ ঘটনায় পরিবারগুলোর নারী, শিশু ও বৃদ্ধরা চরম দুর্ভোগে পড়েছেন। বসতঘর হারিয়ে শীতের রাতে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছেন তাঁরা।
অগ্নিকাণ্ডের খবর পেয়ে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং তাঁদের পাশে থাকার আশ্বাস দেন।
ইউএনও সনজীব সরকার জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর তালিকা দ্রুত তৈরি করে সরকারি সহায়তা ও পুনর্বাসনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।