Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটসহ সারাদেশে জ্বালানি তেল বিক্রিতে ৯ শতাংশ কমিশন চান পাম্প মালিকরা

admin

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬ | ১১:২৭ পূর্বাহ্ণ

ফলো করুন-
সিলেটসহ সারাদেশে জ্বালানি তেল বিক্রিতে ৯ শতাংশ কমিশন চান পাম্প মালিকরা

Manual1 Ad Code

স্টাফ রিপোর্টার:
জ্বালানি তেল বিক্রি ও সরবরাহ কার্যক্রম পরিচালনায় বিনিয়োগ, শ্রমিকদের বর্ধিত মজুরি এবং পরিচালন ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশনের হার পুনর্নির্ধারণ করে ৯ শতাংশ করার দাবি জানিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউটরস, এজেন্ট অ্যান্ড পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।

Manual6 Ad Code

শনিবার (২৮ নভেম্বর) সংগঠনের আহ্বায়ক সৈয়দ সাজ্জাদুল কবির কাবুলের সই করা একটি চিঠি বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে। চিঠিতে কমিশন বাড়ানোর এই দাবি জানানো হয়েছে।

চিঠিতে সংগঠনটি বলেছে, দেশের বর্তমান সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা, মুদ্রাস্ফীতি, ব্যাংকঋণের সুদের হার এবং শ্রমবাজারের ব্যয় বৃদ্ধির কারণে পেট্রোল পাম্প ব্যবসা সংকটের মুখে পড়েছে। অতীতে ৭ শতাংশ কমিশনের দাবি উত্থাপিত হলেও বর্তমান বাজার ও ব্যয় কাঠামোয় সেই হারে ব্যবসা পরিচালনা সম্ভব নয়।

সংগঠনটি বলেছে, ২০ সেপ্টেম্বর, ২০২৬ তারিখের গেজেট অনুযায়ী জ্বালানি তেলের খুচরা মূল্য নির্ধারণ করা হলেও ডিলার ও এজেন্টদের কমিশন তুলনামূলকভাবে কম। বর্তমানে ডিজেলের ক্ষেত্রে প্রতি লিটারে ৩ টাকা ৭১ পয়সা (প্রায় ২ দশমিক ৭৫ শতাংশ), কেরোসিনে ৩ টাকা ২ পয়সা (প্রায় ১ দশমিক ৯৫ শতাংশ), অকটেনে ৬ টাকা ৭২ পয়সা (প্রায় ৪ দশমিক ০৭ শতাংশ) এবং পেট্রোলে ৬ টাকা ৬১ পয়সা (প্রায় ৪ দশমিক ১৩ শতাংশ) কমিশন নির্ধারিত রয়েছে।

চিঠিতে বলা হয়, অধিকাংশ পেট্রোল পাম্পে প্রতিদিন গড়ে ২ হাজার থেকে ৪ হাজার লিটার জ্বালানি তেল বিক্রি হয়। গড়ে ৩ হাজার লিটার বিক্রির হিসাবে একটি পাম্পের দৈনিক মোট কমিশন আয় প্রায় ১৪ হাজার ৯৫ টাকা এবং মাসিক আয় প্রায় ৪ লাখ ২২ হাজার ৮৫০ টাকা।

Manual5 Ad Code

তবে এই আয় থেকে পাম্প পরিচালনার বিভিন্ন ব্যয় বহন করতে হয়। এর মধ্যে রয়েছে একাধিক লাইসেন্স ও নবায়ন ফি, বিদ্যুৎ ও জেনারেটর ব্যয়, ডিসপেনসার রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যয় এবং কর্মীদের বেতন-ভাতা। সংগঠনটির দাবি, এসব ব্যয় মেটানোর পর পাম্প মালিকদের আর্থিক সংকট তৈরি হচ্ছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, আগে দুটি লাইসেন্সের পরিবর্তে বর্তমানে অনেক পাম্পে ১০টি পৃথক দপ্তরের লাইসেন্স ও নবায়ন কার্যক্রম পরিচালনা করতে হয়। এ ছাড়া কর্মীদের বর্ধিত মজুরি, ব্যাংকঋণের সুদ এবং অন্যান্য পরিচালন ব্যয় বেড়েছে।

Manual2 Ad Code

সংগঠনটির মতে, ন্যায্য কমিশন নিশ্চিত না হলে ব্যবসায়িক ঝুঁকি বাড়বে। এতে পাম্প টিকিয়ে রাখা, কর্মীদের নিয়মিত বেতন দেওয়া এবং ব্যাংকের দায় পরিশোধ করা কঠিন হয়ে পড়বে। জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন ও নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে ডিলারদের জন্য বাস্তবসম্মত কমিশন নির্ধারণ জরুরি।

চিঠিতে চারটি বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এগুলো হলো—বর্তমান বাজার ও ব্যয় কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে কমিশন পুনর্নির্ধারণ, পাম্পের প্রকৃত বিক্রয় ও ব্যয় বিবেচনায় নেওয়া, ন্যায্য কমিশন নিশ্চিত করে ব্যবসায়িক ঝুঁকি কমানো এবং আইন ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান করা।

চিঠির শেষাংশে সংগঠনটি বর্তমান বাজার পরিস্থিতি, ২০২৬ সালের বর্ধিত মজুরি কাঠামো, ব্যাংকঋণের সুদ, লাইসেন্স ব্যয় এবং জ্বালানি বিক্রির বাস্তবতা বিবেচনায় নিয়ে কমিশন ৯ শতাংশে পুনর্নির্ধারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছে। একই সঙ্গে বিষয়টি নিয়ে দ্রুত একটি সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ করে বিস্তারিত আলোচনারও আহ্বান জানিয়েছে সংগঠনটি।

চিঠির অনুলিপি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবং সংশ্লিষ্ট কোম্পানিগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

শেয়ার করুন