আন্তর্জাতিক ডেস্ক:
ভারতের উত্তরপ্রদেশের এক বিচারকের আদালত থেকে প্রায় ১০০টি হত্যা মামলা সরিয়ে জেলা ও দায়রা জজের আদালতে স্থানান্তর করা হয়েছে। গত চার মাসে ১০টি মামলায় ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়ার পর প্রশাসনিক আদেশে এসব মামলা স্থানান্তর করা হয় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
বুধবার (১৯ আগস্ট) কর্মকর্তারা জানান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রবি কুমার দিবাকরের আদালতে এসব মামলা বিচারাধীন ছিল। মামলাগুলো এখন জেলা ও দায়রা জজ বীরেন্দ্র কুমার সিংয়ের আদালতে পাঠানো হয়েছে।
গত চার মাসে রবি কুমার দিবাকরের আদালত ১০টি হত্যা মামলার রায় দিয়েছেন। এসব মামলার রায়ে মোট ২২ জনকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এর পরই বিচারাধীন প্রায় ১০০টি হত্যা মামলা তার আদালত থেকে সরিয়ে জেলা ও দায়রা জজের আদালতে স্থানান্তর করা হলো। তবে মামলাগুলো স্থানান্তরের প্রশাসনিক সিদ্ধান্তের বাইরে কোনো নির্দিষ্ট মামলার রায় বা বিচারপ্রক্রিয়া নিয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি।
সরকারি আইনজীবী কুলদীপ কুমার বলেন, যেসব মামলায় মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডের বিধান রয়েছে, সেগুলোই মূলত দিবাকরের নেতৃত্বাধীন ফাস্ট-ট্র্যাক আদালত থেকে জেলা ও দায়রা জজের আদালতে স্থানান্তর করা হয়েছে।
জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি প্রমোদ ত্যাগী বলেন, বিচারক দিবাকরের আদালত থেকে মামলাগুলো স্থানান্তরের পেছনে আইনজীবী ও মামলার পক্ষগুলোর মধ্যে এক ধরনের আশঙ্কা কাজ করেছে। তাদের মধ্যে ধারণা তৈরি হয়েছিল, এসব মামলায় আদালত মৃত্যুদণ্ড দিতে পারে।
ত্যাগী জানান, মঙ্গলবার জারি করা একটি প্রশাসনিক আদেশের মাধ্যমে জেলা ও দায়রা জজ বীরেন্দ্র কুমার সিং মামলাগুলো নিজের আদালতে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেন।