বড়লেখা সংবাদদাতা:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার বর্ণি ইউনিয়নে অগ্রগতি প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) ফকির বাজার উচ্চ বিদ্যালয়ে এ পরীক্ষায় ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১১৫ জন শিক্ষার্থী অংশ নেয়।
সকাল সাড়ে ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বিকেল তিনটায় বিদ্যালয় মাঠে আলোচনা সভা, ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।
অগ্রগতি সমাজকল্যাণ সংস্থার সভাপতি আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বর্ণি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থার সাংগঠনিক সম্পাদক আবু তাহের মুন্না।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এম মুন্তাজিম আলী কলেজের অধ্যক্ষ আসুক উদ্দিন, বর্ণি ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ফয়ছল আহমদ, গাংকুল সিনিয়র ফাজিল মাদ্রাসার শিক্ষক মো. আব্দুল মুহাইমিন, সমাজসেবক মুহাম্মদ কামাল উদ্দিন, জনতা ব্যাংক বড়লেখা শাখার কর্মকর্তা নীলকান্ত দাস, রংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শশাঙ্ক চন্দ্র দাস, আল আমিন জামেয়া ইসলামিয়া কেজি স্কুলের প্রধান শিক্ষক মাওলানা শামছুদ্দিন ও গল্লাসাঙ্গন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকারিয়া হোসেন।
পরীক্ষায় ২০ জন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে বৃত্তির জন্য নির্বাচিত করা হয়। প্রথম স্থান অর্জনকারী পায় ক্রেস্ট ও ১৫ হাজার টাকা। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীরা পায় যথাক্রমে ১০ হাজার ও ৫ হাজার টাকা। চতুর্থ ও পঞ্চম স্থান অর্জনকারীদের দেওয়া হয় যথাক্রমে ৩ হাজার ও ২ হাজার ৫০০ টাকা। ষষ্ঠ থেকে দশম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ২ হাজার এবং ১১তম থেকে ২০তম স্থান অর্জনকারীদের প্রত্যেককে ১ হাজার টাকা করে দেওয়া হয়। এ ছাড়া অন্য পরীক্ষার্থীদেরও সান্ত্বনা পুরস্কার দেওয়া হয়।
পরীক্ষায় প্রথম হয়েছে সানফ্লাওয়ার কিন্ডারগার্টেনের শিক্ষার্থী সিয়াম রহমান। দ্বিতীয় হয়েছে বর্ণি জামেয়া ইসলামিয়া মাদ্রাসার রিয়াদ উদ্দিন নজীবি, তৃতীয় মিহারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীপ্ত দাস পার্থ এবং চতুর্থ সৎপুর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তানজিম হাসান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংস্থার সহসভাপতি কামরুল ইসলাম ও সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাহের হোসেন।
আয়োজকেরা জানান, সংস্থার স্থায়ী কমিটির সদস্য ও প্রবাসী শুভাকাঙ্ক্ষীদের আর্থিক সহযোগিতায় এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। সহযোগিতাকারীদের মধ্যে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, আমেরিকা ও কাতারপ্রবাসী সদস্যরা রয়েছেন।
অনুষ্ঠানে জুনেদ আহমদ, জাকারিয়া হোসেন, রুহেল আহমদ ও ভালুক উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।