Beanibazarer Alo

  সিলেট     রবিবার, ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

admin

প্রকাশ: ২০ আগস্ট ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ | আপডেট: ২০ আগস্ট ২০২৬ | ১১:০৫ পূর্বাহ্ণ

ফলো করুন-
বন্যায় স্থগিত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু আজ

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় স্থগিত হওয়া উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষাগুলো বৃহস্পতিবার (২০ আগস্ট) থেকে আবার শুরু হচ্ছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন স্থগিত এইচএসসির ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র এবং বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত আলিমের বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষার মধ্য দিয়ে আজ থেকে এসব পরীক্ষা শুরু হবে। সংশোধিত সূচি অনুযায়ী, স্থগিত পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন যেসব বিষয়ের পরীক্ষা স্থগিত হয়েছিল, সেগুলোর মধ্যে রয়েছে ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), পদার্থবিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান প্রথম ও দ্বিতীয় পত্র, যুক্তিবিদ্যা প্রথম ও দ্বিতীয় পত্র, ভূগোল প্রথম ও দ্বিতীয় পত্র, আরবি ও পালি প্রথম ও দ্বিতীয় পত্র, রসায়ন প্রথম ও দ্বিতীয় পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম ও দ্বিতীয় পত্র, ইতিহাস প্রথম ও দ্বিতীয় পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম ও দ্বিতীয় পত্র, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম ও দ্বিতীয় পত্র, অর্থনীতি প্রথম ও দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম ও দ্বিতীয় পত্র।

Manual7 Ad Code

সংশোধিত সূচি অনুযায়ী, আজ ২০ আগস্ট ইংরেজি (আবশ্যিক) দ্বিতীয় পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ২২ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি), ২৪ আগস্ট পদার্থবিজ্ঞান প্রথম পত্র, হিসাববিজ্ঞান প্রথম পত্র ও যুক্তিবিদ্যা প্রথম পত্র এবং ২৭ আগস্ট পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, হিসাববিজ্ঞান দ্বিতীয় পত্র ও যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে।

২৯ আগস্ট সকালে ভূগোল প্রথম পত্র এবং বিকেলে আরবি ও পালি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩১ আগস্ট সকালে ভূগোল দ্বিতীয় পত্র এবং বিকেলে আরবি ও পালি দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে। ২ সেপ্টেম্বর রসায়ন প্রথম পত্র, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র, ইতিহাস প্রথম পত্র, গৃহ ব্যবস্থাপনা ও পারিবারিক জীবন প্রথম পত্র এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এসব বিষয়ের দ্বিতীয় পত্রের পরীক্ষা হবে ৫ সেপ্টেম্বর।

Manual4 Ad Code

এ ছাড়া ৭ সেপ্টেম্বর অর্থনীতি প্রথম পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস প্রথম পত্রের পরীক্ষা নেওয়া হবে। ৯ সেপ্টেম্বর অর্থনীতি দ্বিতীয় পত্র এবং প্রকৌশল অঙ্কন ও ওয়ার্কশপ প্র্যাকটিস দ্বিতীয় পত্রের পরীক্ষার মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষা শেষ হবে।

চট্টগ্রাম শিক্ষা বোর্ড জানিয়েছে, সকালের শিফটের পরীক্ষা সকাল ১০টা থেকে বেলা ১টা এবং বিকেলের শিফটের পরীক্ষা বেলা ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কক্ষে আসন গ্রহণ করতে হবে।

Manual3 Ad Code

গত ৮ জুলাই থেকে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ছিল। তবে দেশের অন্য শিক্ষা বোর্ডগুলোতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী পরীক্ষা চলেছে। বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় এসব পরীক্ষা স্থগিত করা হয়েছিল।

অন্যদিকে, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন স্থগিত হওয়া আলিমের ১১টি বিষয়ের পরীক্ষাও আজ থেকে শুরু হচ্ছে। স্থগিত বিষয়গুলোর মধ্যে রয়েছে বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, আরবি দ্বিতীয় পত্র, হাদিস ও উসূলুল হাদিস, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বালাগাত ও মানতিক, পদার্থবিজ্ঞান প্রথম পত্র, তাজবিদ প্রথম পত্র এবং আল ফিকহ প্রথম ও দ্বিতীয় পত্র।

Manual1 Ad Code

নতুন সূচি অনুযায়ী, আজ বাংলা দ্বিতীয় পত্রের (বিষয় কোড ২৬৭) পরীক্ষা হবে। এরপর ২২ আগস্ট ইংরেজি প্রথম পত্র (২৬৮), ২৪ আগস্ট ইংরেজি দ্বিতীয় পত্র (২৬৯), ২৭ আগস্ট আরবি দ্বিতীয় পত্র (২০৬), ২৯ আগস্ট হাদিস ও উসূলুল হাদিস (২০২) এবং ৩১ আগস্ট তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (২৪০) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

৫ সেপ্টেম্বর বালাগাত ও মানতিক (সাধারণ বিভাগ, বিষয় কোড ২১০), পদার্থবিজ্ঞান প্রথম পত্র (তত্ত্বীয়, ২২৪) এবং তাজবিদ প্রথম পত্র (মুজাব্বিদ মাহির বিভাগ, ২৩২) পরীক্ষা হবে। ৭ সেপ্টেম্বর আল ফিকহ প্রথম পত্র (২০৩) এবং ৯ সেপ্টেম্বর আল ফিকহ দ্বিতীয় পত্র (২০৪) পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বন্যার কারণে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষার এসব বিষয় স্থগিত করা হয়েছিল। গত ৯ আগস্ট বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. রফিকুল ইসলামের সই করা বিজ্ঞপ্তিতে স্থগিত পরীক্ষার সংশোধিত সময়সূচি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশেষ প্রয়োজনে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ এ সময়সূচি পরিবর্তন করতে পারবে।

আলিম পরীক্ষার্থীদের পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে নির্ধারিত কেন্দ্রে আসন গ্রহণ করতে হবে। ব্যবহারিক পরীক্ষার সংশোধিত সূচি অনুযায়ী, ৯ থেকে ১৮ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার নম্বর ২৫ আগস্টের মধ্যে অনলাইনে বোর্ডে পাঠাতে হবে।

স্থগিত আলিম পরীক্ষার উত্তরপত্র পরীক্ষা গ্রহণের দিনই বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। দ্রুততম সময়ে ফলাফল প্রকাশের লক্ষ্যে গত ১৯ আগস্ট দেওয়া বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তাদের পরীক্ষা শেষে কোনো ধরনের বিলম্ব না করে উত্তরপত্র একই দিনে সংশ্লিষ্ট জেলা পোস্ট অফিসের (জিইপি) মাধ্যমে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, বকশীবাজার, ঢাকা-১২১১ ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

উত্তরপত্র যথাযথভাবে প্যাকেটজাত ও সিলগালা করে নির্ধারিত নিয়মে পাঠানোর নির্দেশও দেওয়া হয়েছে। উত্তরপত্র পাঠানোর পর সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি বোর্ডকে অবহিত করতে বলা হয়েছে। এ বিষয়ে ১৩ আগস্ট জারি করা আগের পত্রটি বাতিল করা হয়েছে।

ব্যবহারিক পরীক্ষার তারিখ, সময় ও স্থান পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা বা অধ্যক্ষের কাছ থেকে জেনে নিতে বলা হয়েছে। পরীক্ষার্থীদের প্রবেশপত্রে উল্লিখিত কেন্দ্র কোড ব্যবহারিক উত্তরপত্রে লেখার নির্দেশনাও দেওয়া হয়েছে।

শেয়ার করুন