নিজস্ব প্রতিবেদক :
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব-৯) অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে। সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে হবিগঞ্জের চুনারুঘাট থানার দেওরগাছ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার আদমপুর এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে আইয়ুব মিয়া (৩৫) ও মৃত ডিপটি মিয়ার ছেলে কামাল মিয়া (৩০)।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩১ আগস্ট) দিবাগত রাত সোয়া ১২টার দিকে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চুনারুঘাটের দেওরগাছ এলাকায় পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ২ ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। জব্দকৃত আলামত চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯-এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।