Beanibazarer Alo

  সিলেট     মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ  | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে বাড়ছে চাপ

admin

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ অপরাহ্ণ | আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৬ | ১২:২১ অপরাহ্ণ

ফলো করুন-
সিলেটে প্রাণ গেল আরও দুইজনের, হাসপাতালে বাড়ছে চাপ

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হাম পরিস্থিতির আরও অবনতি হয়েছে। একদিনের ব্যবধানে হাসপাতালে বেড়েছে সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা, সঙ্গে যোগ হয়েছে আরও দুই মৃত্যুর খবর। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ভর্তি হয়েছেন ১৫৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন আরও ২ জন।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৬১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৩ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন, মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন এবং সুনামগঞ্জ সদর হাসপাতালে ১১ জন সন্দেহভাজন হাম রোগী ভর্তি হয়েছেন।

Manual1 Ad Code

বর্তমানে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে—১৬৪ জন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ১২৫ জন, রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন, নর্থ ইস্ট হাসপাতালে ৪ জন, পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে ৩৪ জন, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৩ জন, সুনামগঞ্জ সদর হাসপাতালে ১৯ জন, হবিগঞ্জ সদর হাসপাতালে ৭ জন, বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ জন এবং মৌলভীবাজার সদর হাসপাতালে ১৮ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে মারা গেছেন দুইজন। স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে মৃত্যুবরণকারীদের একজন সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশু, যিনি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে মারা যান।

Manual1 Ad Code

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত সিলেট বিভাগে মোট ১ হাজার ৩১ জন নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সিলেটে ৩৬৩ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন। হবিগঞ্জে শনাক্তদের মধ্যে দুজন রুবেলা রোগী রয়েছেন।

Manual1 Ad Code

মৃত্যুর হিসাবও ক্রমেই ভারী হচ্ছে। স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, এ পর্যন্ত সন্দেহভাজন হাম রোগে সিলেটে ৫৭ জন, হবিগঞ্জে ১৭ জন, মৌলভীবাজারে ১২ জন এবং সুনামগঞ্জে ৫৮ জনের মৃত্যু হয়েছে। নিশ্চিত হাম রোগে সিলেটে ৪ জন, হবিগঞ্জে ৪ জন, মৌলভীবাজারে ১ জন ও সুনামগঞ্জে ১ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে সন্দেহভাজন ও নিশ্চিত হাম রোগে বিভাগে এ পর্যন্ত ১৫৪ জনের মৃত্যু হয়েছে।

পরিসংখ্যান বলছে, একদিকে প্রতিদিন বিপুলসংখ্যক সন্দেহভাজন রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন, অন্যদিকে মৃত্যুও থামছে না। গত ২৪ ঘণ্টায় ১৫৪ জনের নতুন করে হাসপাতালে ভর্তি এবং দুইজনের মৃত্যুর ঘটনা সিলেটের হাম পরিস্থিতির ভয়াবহতার নতুন চিত্র সামনে এনেছে।

হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন ৪০০-এর কাছাকাছি। ফলে আক্রান্ত ও সন্দেহভাজন রোগীর চিকিৎসা দিতে হাসপাতালগুলোর ওপরও বাড়ছে চাপ। পরিস্থিতি নিয়ন্ত্রণে দ্রুত কার্যকর পদক্ষেপ এবং হাসপাতালগুলোতে প্রয়োজনীয় চিকিৎসা ব্যবস্থাপনা জোরদার করা জরুরি হয়ে পড়েছে।

Manual2 Ad Code

শেয়ার করুন